লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের শ্বশুরবাড়ি থেকে গতকাল রোববার গৃহবধূ পলি বেগমের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। চার মাসের অন্তঃসত্ত্বা ওই গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী সুমন হোসেন ও শ্বশুর আবুল কালামসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক।
পলি একই উপজেলা লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম শহীদপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে।
পলির বড় ভাই মনির হোসেন বলেন, ‘কয়েক বছর আগে চরমনসা গ্রামের সুমনের সঙ্গে পলির বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী সুমন ও শ্বশুর আবুল কালাম যৌতুকের জন্য পলিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। গত শুক্রবার যৌতুকের জন্য পলিকে বেদম মারধর করা হয়। শনিবার দুপুরেও তাকে মারধর করা হয়। বিকেলে পলি স্বামীর বাড়িতে মারা যায়। এরপর শ্বশুরবাড়ির লোকজন প্রচার করে পলি বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।’
সদর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল হোসেন জানান, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে ধারণা করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলির শ্বশুরবাড়ির লোকজন পলাতক।