লক্ষ্মীপুরে অপহৃত ছাত্রী মতলবে উদ্ধার, গ্রেপ্তার ২
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে (১৪) গত মঙ্গলবার রাতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহুরী গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার পুলিশ জানায়, ওই ছাত্রী রামগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে। রোববার দুপুরে বড় বোনের সঙ্গে সে বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে স্থানীয় রাসেল (২০) ও আরিফ (১৮) তাদের পথরোধ করে। এরপর ছাত্রীর মুখে রুমাল চেপে একটি অটোরিকশায় উঠিয়ে নেওয়া হয়। ওই দিন রাতে তারা ছাত্রীকে চাঁদপুরের বহুরী গ্রামের আবুল কালাম বকাউলের (২৫) ঘরে নিয়ে যায়। সেখানে প্রায় তিন দিন ছাত্রীটিকে আটকে রেখে রাসেল ও আরিফ ধর্ষণ করে। মঙ্গলবার রাত নয়টায় ওই বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রীটিকে উদ্ধার করে পুলিশ। এ সময় রাসেল ও আবুল কালামকে (২৫) আটক করা হয়। পরে তাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র বলেন, গতকাল বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীটিকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের চাঁদপুর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।