লক্ষ্মীপুরে অপহৃত দুই ছাত্রী উদ্ধার গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর থেকে অপহৃত দুই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ওই দুই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার সময় লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অস্ত্রের মুখে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা।
একই দিন দুপুরে বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে অষ্টম শ্রেণির আরেক ছাত্রীকে অপহরণ করে দুর্বৃত্তরা।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই দুই ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় সোহাগ হোসেন ও শাকিল নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে তার দাদা থানায় মামলা করেছেন।
এ ছাড়া অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণের ঘটনায়ও মামলা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।