লক্ষ্মীপুরে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ২
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারের অপহৃত ব্যবসায়ী রাজু আহমদকে গতকাল মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের কামরুল হাসান ও জসিম উদ্দিন।
রাজু আহমদ তোরাবগঞ্জ বাজারের রব মেশিনারিজ নামের একটি দোকানের মালিক।
রাজু জানান, ব্যবসার কাজে গত শনিবার রাতে তিনি লক্ষ্মীপুর শহরে আসেন। শহরের হাসপাতাল এলাকা থেকে কয়েকজন যুবক অস্ত্রের মুখে তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। ওই যুবকেরা তাঁকে অজ্ঞাত স্থানে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে বেদম মারধর করে। পরে অপহরণকারীদের দাবি করা টাকা নিয়ে তাঁকে উদ্ধার করার জন্য তিনি পরিবারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। পরে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যদের সহযোগিতায় তাঁর চাচাতো ভাই আলাউদ্দিনসহ পরিবারের সদস্যরা গতকাল দুপুরে লক্ষ্মীপুর শহরে আসেন। এ সময় পুলিশ তাঁকে উদ্ধার করে ও অপহরণকারীদের গ্রেপ্তার করে। রাজু জানান, এ ঘটনায় চারজনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, অপহরণকারীদের দাবি করা মুক্তিপণের টাকা নিয়ে রাজুর চাচাতো ভাই আলাউদ্দিন গতকাল দুপুরে তমিজ মার্কেট এলাকায় আসেন। এ সময় পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা অপহরণকারী কামরুল হাসান ওরফে শাকিল ও জসিম উদ্দিনকে আটক করেন। পরে রাজু আহমদকে উদ্ধার করা হয়।