লক্ষ্মীপুরে আ. লীগের নেতাকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব শেখপুরা গ্রামে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ মমিন পাটওয়ারীকে গণপিটুনি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি অসামাজিক কাজে লিপ্ত ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তির দেওয়া ভাষ্য, মমিন পাটওয়ারীর সঙ্গে একই উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের একটি কলেজ পড়ুয়া মেয়ের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে ওই মেয়ের বাড়ির বাইরে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় তাঁদের ধরে ফেলেন লোকজন। পরে মমিন পাটওয়ারীকে ধরে পিটুনি দেন তাঁরা। খবর পেয়ে মমিনের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। রাতেই তাঁকে ওই হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এ বিষয়ে কথা বলতে মমিন পাটওয়ারীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে এটি বন্ধ পাওয়া যায়। আজ সন্ধ্যা ছয়টা নয় মিনিটে তিনি অন্য একটি নম্বর থেকে ফোন করে বলেন, গতকাল রাতের ঘটনাটি পরিকল্পিত। জামায়াত-শিবিরের ৭-৮ জন লোক তাঁর ওপর হামলা করেছে। নারী সংক্রান্ত অভিযোগ সত্য নয়।

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান বাচ্চু বলেন, বিয়ে করবেন বলে কথা দিয়ে ওই মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ করে আসছেন মমিন পাটওয়ারী। গতকাল রাতে দুজনকে বাড়ির বাইরে আপত্তিকর পেয়ে গণপিটুনি দেওয়ার কথা শুনেছি। এটি ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।