লক্ষ্মীপুরে আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দীগ্রামে আজ শনিবার ভোররাতে আওয়ামী লীগের কর্মী আহসান উল্যাকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত ব্যক্তির ছেলে মো. আলমের দাবি, আজ ভোররাতে উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার থেকে তাঁর বাবা আহসান উল্যা বাড়ি যাচ্ছিলেন। পথে নন্দীগ্রাম এলাকায় সন্ত্রাসীরা তাঁর বাবাকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালায়। এ সময় তাঁর বুকে ও ঘাড়ে গুলি লাগে। পরে লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমীর হোসেন জানান, আহসান উল্যা নন্দীগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওহিদুজ্জামান জানান, স্থানীয় পোদ্দার বাজারে শ্রমিকের কাজ করতেন আহসান উল্যা। তাঁর বুকে ও ঘাড়ে গুলির চিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, হত্যার ঘটনায় থানায় মামলা হয়নি।