লক্ষ্মীপুরে আ.লীগ নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে গতকাল শনিবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন শনিবার লতিফপুর থেকে চন্দ্রগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মোস্তফা মিয়ার দোকানের সামনে এলে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সোহেব আলম জানান, ‘ফারুকের বুকে, পিঠে এবং ডান হাতে তিনটি গুলিসহ শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চন্দ্রগঞ্জ বাজারে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।