লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ওমর ফারুককে (৪২) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
গত সোমবার লক্ষ্মীপুর সদর উপজেলায় নবগঠিত চন্দ্রগঞ্জ থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে বক্তব্য দেন ওমর ফারুক। এর ১২ ঘণ্টা পরই সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ওমর ফারুক তাঁর পশ্চিম লতিফপুর গ্রামের বাড়ির অদূরে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় পাঁচ-ছয়জন মুখোশপরা সন্ত্রাসী সিএনজিচালিত অটোরিকশাযোগে এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে ওমর ফারুককে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে ওমর ফারুকের লাশ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ওমর ফারুকের ভাই মো. স্বপন বলেন, র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত সন্ত্রাসী সোলায়মান উদ্দিন জিসানের বাহিনীর পলাতক সন্ত্রাসীরা তাঁর ভাইকে হত্যা করেছে। সম্প্রতি সন্ত্রাসীদের হামলায় তাঁর ভাই আহত হয়েছিলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ওমর ফারুককে গুলি করে হত্যা করেছে। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণেই তাঁকে হত্যা করা হয়।
অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ওমর ফারুক খুন হয়েছেন।
এদিকে ওমর ফারুক হত্যার প্রতিবাদে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল দুপুর ১২টা থেকে আধা ঘণ্টা চন্দ্রগঞ্জ বাজারে সড়ক অবরোধ করেন। এ সময় সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম চৌধুরী ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন।
চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আরজুন মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য অভিযান চলছে।
সহকারী পুলিশ সুপার মো. নাছিম মিয়া বলেন, সন্ত্রাসীদের গুলিতে ফারুক নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।