লক্ষ্মীপুরে আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দীগ্রামে গতকাল শনিবার ভোররাতে আওয়ামী লীগের কর্মী আহসান উল্যাকে (৪২) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ সকালে আহসান উল্যার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ নিয়ে গত ১৫ দিনে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুজন কর্মীসহ ছয়জন খুন হলেন।
আহসান উল্যার ছেলে মো. আলম জানান, তাঁর বাবা গতকাল ভোররাতে বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার থেকে বাড়ি ফেরার পথে নন্দীগ্রাম পৌঁছালে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। এ সময় তিনি বুক ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমির হোসেন জানান, আহসান উল্যা নন্দীগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।
এদিকে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আহসান উল্যা কাশেম জিহাদি বাহিনীর একজন সদস্য ছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে অনেকে মনে করছেন।
ময়নাতদন্ত শেষে গতকাল বিকেল পাঁচটার দিকে নন্দীগ্রামের পারিবারিক কবরস্থানে আহসান উল্যাকে দাফন করা হয়েছে।