লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের জকসিন দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আব্দুর রহমান উপজেলার লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হামলার প্রতিবাদে রাতে নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে উদ্যোগী হন আব্দুর রহমান। এ কারণে তাঁর ওপর হামলা চালানো হয়েছে।
আব্দুর রহমানের বাড়ি ওই ইউনিয়নের আটিয়াতলী গ্রামে। হামলার পর তাঁকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে আব্দুর রহমান সদর উপজেলার জকসিন দক্ষিণ বাজারে মোটরসাইকেলে বসে কথা বলছিলেন। এ সময় দেলোয়ার নামের এক যুবক এসে তাঁকে রামদা দিয়ে মাথায় ও হাতে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান।
আব্দুর রহমানকে কুপিয়ে আহত করা হয়েছে এ খবর ছড়িয়ে পড়ায় নেতা-কর্মীরা হাসপাতালের সামনে জড়ো হন। এ সময় তাঁরা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। পরে রাত সাড়ে নয়টায় দিকে লক্ষ্মীপুর-চন্দ্রগঞ্জ সড়কের জকসিন দক্ষিণ বাজার এলাকায় অবরোধ করেন নেতা-কর্মীরা। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেব আহম্মেদ বলেন, আব্দুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথায়, বাঁ হাত ও ঘাড়ে চারটি কোপ দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী
হামলা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্যাহ আল মামুন ভূঁইয়া বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।