লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সূত্র জানায়, সোমবার রাতে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে জাহানাবাদ গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় গ্রামের ফজলুল হকের বাড়ির আকবর হোসেনের পরিত্যক্ত ঘর থেকে একটি কাটা রাইফেল, দুটি একনলা বন্দুক, একটি এলজি, ৩৬টি কার্তুজ, কাটা রাইফেলের ১১টি গুলি, রিভলবারের ৬টি গুলিসহ ৫৬টি গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান বলেন, ফরিদ উদ্দিন ও মাসুম বিল্লাহ নামের দুই সন্ত্রাসী ওই বাড়িতে অস্ত্রগুলো মজুত করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। তিনি বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয় সূত্র জানায়, ফরিদ উদ্দিন ও মাসুম বিল্লাহ বিএনপির সমর্থক।