লক্ষ্মীপুরে আনসারের ওপর হামলা 'মানসিক ভারসাম্যহীন' যুবকের
লক্ষ্মীপুর শহরের শাঁখারীপাড়া এলাকার বিজয় সরণি-ত্রিনয়নী পূজামণ্ডপে আনসারের তিন সদস্য ও পূজা উদ্যাপন কমিটির সভাপতির ওপর হামলা চালিয়েছেন ‘মানসিক ভারসাম্যহীন’ এক যুবক।
গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। পরে ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
পূজা উদ্যাপন কমিটি ও আনসার সূত্র জানায়, গতকাল সকালে ফজলে রাব্বি (৩৫) নামের এক যুবক পূজামণ্ডপের ভেতরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে ওই ব্যক্তি আনসার সদস্য তাজুল ইসলাম, শরীফ হোসেন ও নাজমা বেগমকে মারধর করেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির সভাপতি মানিক সাহা এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। তাঁর বাড়ি সদর উপজেলার আটিয়াতলী গ্রামে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মারধরের অভিযোগে ফজলে রাব্বির বিরুদ্ধে মামলা হবে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, হামলাকারী যুবক মানসিক ভারসাম্যহীন। দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।