লক্ষ্মীপুরে কাউন্সিলর প্রার্থীকে হুমকি, জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল করিম অভিযোগ করেছেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। একই ওয়ার্ডের আরেক কাউন্সিলর পদপ্রার্থী মো. রায়হানের বিরুদ্ধে তিনি হুমকি দেওয়ার অভিযোগ করেছেন।
গতকাল দুপুরে পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে মনিরুল করিম অভিযোগ করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে অপর কাউন্সিলর প্রার্থী রায়হানসহ আরও কয়েকজন মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তাঁকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি বাড়ি ফেরার পথে দক্ষিণ মজুপুর গ্রামের মটকা মসজিদ এলাকায় রায়হানসহ কয়েকজন লোক তাঁকে গালমন্দ করেন। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের গুলি করে হত্যার হুমকি দেন তাঁরা। নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় তিনি জিডি করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনিরুল করিমের বড় ভাই মো. ফারুক হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নাছির আহাম্মদ ও প্রচার সম্পাদক মো. আবু তাহের।
তবে কাউন্সিলর প্রার্থী মো. রায়হান বলেন, মনিরুল করিম তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা সত্য নয়।