লক্ষ্মীপুরে কিশোরীকে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দির ইউনিয়নের পূর্ব চাঁদখালী গ্রাম থেকে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহত রনী আক্তার নূপুর (১৫) ওই গ্রামের সিরাজ মিয়ার মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ ঘর থেকে পাশের নানির ঘরে ঘুমাতে যায় রনী। তার নানি আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় সে ওই ঘরে একা ছিল। রনীর মা পারুল বেগম বলেন, রাতের কোনো এক সময়ে শারীরিক নির্যাতন চালানোর পর রনীকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় তারা। সকালে তাকে ঝুলতে দেখে তাঁরা থানায় খবর দেন।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আফছার উদ্দিন বলেন, রনীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।