লক্ষ্মীপুরে কৃষককে কুপিয়ে হত্যা বোনসহ আটক ৩
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দি গ্রামে গত শনিবার রাতে মো. দুলাল হোসেন (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুলালের বোন নাসরিন বেগমসহ তিনজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে দুলাল হোসেন হাসন্দি গ্রামের নিজ বাড়ি থেকে বের হন। এ সময় বাড়ির সামনে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ দুলালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, জায়গাজমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
সদর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।