লক্ষ্মীপুরে খালে ভেসে এল নারী ও শিশুর লাশ
লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগি গ্রামের একটি খাল থেকে গতকাল রোববার বিকেলে অজ্ঞাতপরিচয় এক নারী ও শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দুজন মা ও ছেলে বলে ধারণা করছে পুলিশ। নিহত নারীর বয়স ৩৮ ও শিশুটির বয়স ১২ বছর হতে পারে।
পুলিশ জানায়, গতকাল দুপুরে কুশাখালী ইউনিয়নের নলডগি ফোঁড়াখালী খালে প্রথমে এক নারীর গলাকাটা লাশ ভাসতে দেখা যায়। এর কিছুক্ষণ পর ছেলেটির লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে স্থানীয় লোকজন বিষয়টি দাসেরহাট পুলিশ ফাঁড়ির সদস্যদের জানান। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
সদর উপজেলার দাসেরহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) গণেশ চন্দ্র বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গত শনিবার রাতের কোনো একসময় দুজনকে গলা কেটে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হতে পারে।
এ বিষয়ে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, নিহত দুজন মা ও ছেলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে এবং কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।