লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ১, আটক ৩
লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম আঙ্গারপাড়ায় গণপিটুনিতে নিহত হয়েছেন মুসলিম মিয়া নামের (৪৫) এক ব্যক্তি। পুলিশ ও এলাকাবাসী বলছে, আজ বৃহস্পতিবার ভোররাতে চোর সন্দেহে তাঁকে পিটুনি দেওয়া হয়। নিহত ব্যক্তির স্ত্রী এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন রুহুল আমিন খলিফা, মো. কাউছার ও মো. ছায়েম। সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, প্রবাসী বাচ্চু দেওয়ানের ঘরে ঢুকে মুসলিম মিয়া স্বর্ণালংকার ও মালামাল চুরি করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশীরা টের পেয়ে তাঁর হাত-পা বেঁধে পিটুনি দেন । এতে মুসলিম মিয়ার মৃত্যু হয়। পরে সকালে রামগঞ্জ থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির স্ত্রী ফেরদৌসী বেগমের ভাষ্য, তাঁর স্বামী রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান। তিনি কখনো চুরির সঙ্গে জড়িত ছিলেন না। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তিনি দাবি করেন।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, চোর সন্দেহে মুসলিম মিয়াকে স্থানীয় জনতা পিটুনি দেয়। তাঁর বিরুদ্ধে রামগঞ্জ থানায় দুটি চুরির মামলা রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।