লক্ষ্মীপুরে গুলিতে যুবদলের কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের জাহানাবাদ গ্রামে সাদ্দাম হোসেন (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত সাদ্দাম হোসেন জাহানাবাদ গ্রামের আমানত উল্যার ছেলে। তিনি দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদলের কর্মী বলে দাবি করেছেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মোসলেহ উদ্দিন।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, আজ রাতে জাহানাবাদ গ্রামের কোটাবাড়ির সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন সাদ্দাম হোসেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী সেখানে এসে সাদ্দাম হোসেনকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানান, সাদ্দাম হোসেনের শরীরে ১৪টি গুলির চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা সাদ্দাম হোসেনকে গুলি করে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।