লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ভক্তেরপাড়া গ্রাম থেকে গতকাল শনিবার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। যৌতুকের জন্য ওই গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করা
হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু তাহেরের ভাষ্যমতে, যৌতুকের টাকা নিয়ে বিয়ের পর থেকে সাজু বেগম (২০) ও তাঁর স্বামী আকতার হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সাজু বেগমকে বেদম মারধর করেন আকতার হোসেন। গতকাল ভোররাতে দ্বিতীয় দফা মারধর ও শ্বাসরোধ করে হত্যার পর সাজুকে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে এলাকায় প্রচার করেন শ্বশুরবাড়ির লোকজন। পরে আশপাশের লোকজন এসে আকতারকে ধরে থানায় খবর দেন। পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে এবং আকতারকে আটক করে।
সাজু বেগমের বাবার বাড়ি উপজেলার উত্তর চরলরেন্স গ্রামে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।