লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের এক ব্যক্তি যৌতুক না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত সালমা বেগম উপজেলার চরলামচী গ্রামের মৃত সানাউল্যাহর মেয়ে। ঘটনার পর থেকে তাঁর স্বামী মো. খলিল পলাতক।
মাস তিনেক আগে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চর লামচরী গ্রামের সালমা বেগমের সঙ্গে একই উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. খলিলের বিয়ে হয়। সালমার স্বজনদের ভাষ্যমতে, বিয়ের পর থেকে খলিল যৌতুক দাবি করে আসছিলেন। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতো। গত শনিবার রাতে যৌতুক নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর খলিল স্ত্রী সালমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে সালমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সালমার মৃত্যু হয়।
সালমার মা পারুল বেগম বলেন, সব সময় সালমার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত খলিল। যৌতুক না পেয়ে সালমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন মিয়া জানান, সালমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ঘটনার পর ওই গৃহবধূর স্বামীসহ শ্বশুরবাড়ির অন্যরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।