লক্ষ্মীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করুণানগর গ্রামে ফাতেমা আক্তার নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁর স্বামী পলাতক রয়েছেন। গতকাল সোমবার সকালে ফাতেমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ফাতেমার ভগ্নিপতি মফিজুল ইসলাম বলেন, পাঁচ বছর আগে কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের রোকন হোসেনের সঙ্গে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক দাবি করে আসছিলেন রোকন। তিনি প্রায়ই ফাতেমাকে মারধর করতেন। গত রোববার রাতে দুজনের ঝগড়া হয়। একপর্যায়ে ফাতেমাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান রোকন। গতকাল সকালে পুলিশ গিয়ে ঘরের মেঝে থেকে ফাতেমার লাশ উদ্ধার করে।
সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির আহমদ প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।