লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে গত সোমবার রাতে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর বাবার অভিযোগ, যৌতুকের দাবিতে তাঁকে (গৃহবধূ) শ্বাসরোধ করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
শারমিন আক্তার রিমি (২৫) নামের ওই গৃহবধূর বাবা সিদ্দিক উল্যাহ সোমবার রাতে শারমিনের স্বামী দেলোয়ার হোসেন, শ্বশুর নুর নবী ও শাশুড়ি মরিয়ম বেগমসহ পাঁচজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেছেন।
পারিবারিক সূত্র জানায়, মুঠোফোনে যোগাযোগের সূত্র ধরে তিন মাস আগে দক্ষিণ মজুপুর গ্রামের দেলোয়ার হোসেনের সঙ্গে একই উপজেলার চররুহিতার চরমণ্ডল গ্রামের সিদ্দিক উল্যার মেয়ে শারমিনের বিয়ে হয়।
শারমিনের বাবা সিদ্দিক উল্যাহ বলেন, বিয়ের পর থেকে দেলোয়ার ও তাঁর পরিবারের লোকজন তাঁদের কাছে যৌতুক দাবি করে আসছিল। কিন্তু যৌতুক না দেওয়ায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই শারমিনের ওপর নির্যাতন চালাতেন। এ নিয়ে গত সোমবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে দেলোয়ার স্ত্রীকে বেদম মারধর করেন। পরে স্বামীসহ অন্যরা শারমিনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। এরপর শ্বশুরবাড়ির লোকজন এলাকায় প্রচার করে শারমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ জানায়, সোমবার রাতে পুলিশ শারমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
দেলোয়ারের ভগ্নিপতি ফারুক হোসেন বলেন, সোমবার বিকেলে শারমিনের কাছে একটি ফোন আসে। ফোনে কথা বলার পর তিনি নিজের কক্ষে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি বলেন, যৌতুক দাবি ও নির্যাতন করে শারমিনকে হত্যার অভিযোগ মিথ্যা।
ফারুক হোসেন বলেন, শারমিনের আগে একবার বিয়ে হয়েছিল। তাঁর আগের স্বামী চার-পাঁচ দিন আগে বিদেশ থেকে দেশে এসেছেন। ওই সংসারে তাঁর একটি সন্তানও আছে।
স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তি বলেন, দেলোয়ারের বাবা নুর নবী কয়েক দিন আগে তাবলিগে গেছেন। তাঁদের জানা মতে, ওই সংসারে কোনো অশান্তি ছিল না।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, ময়নাতদন্তের পর শারমিনের লাশ তাঁর বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।