লক্ষ্মীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকার একটি পুকুর থেকে গতকাল বুধবার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
নিহতের স্বজনদের ভাষ্যমতে, গত মঙ্গলবার গভীর রাতে গন্ধব্যপুর গ্রামের আবদুল মান্নানের স্ত্রী রুনু আক্তারকে (৩২) ঘর থেকে ডেকে নেয় প্রতিবেশী গিয়াস উদ্দিন ও নাছির। এরপর থেকে রুনু আক্তার নিখোঁজ ছিলেন। গতকাল দুপুরে বাড়ির পাশের পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে গিয়াস ও নাছির পলাতক।
রুনুর স্বামী আবদুল মান্নান ঢাকায় বেসরকারি সংস্থায় চাকরি করেন।
রুনুর মামা আবুল কালাম বলেন, প্রতিবেশী নাছির উদ্দিনের সঙ্গে রুনুর স্বামী আবদুল মান্নানের জমি নিয়ে বিরোধ আছে। তাঁর অভিযোগ, নাছির ও গিয়াস ধর্ষণের পর রুনুকে হত্যা করে পুকুরে লাশ ফেলে দেয়।
সদর থানার ওসি মো. গিয়াস উদ্দিন মিয়া বলেন, ওই গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।