লক্ষ্মীপুরে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী পলাতক
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের উত্তর চরকাদিরা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার গৃহবধূ রাশেদা বেগম ওরফে মুক্তার (২২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী সুমন মিয়া ওরফে লিটন পলাতক।
রাশেদার বোন পিয়ারা বেগম বলেন, পাঁচ বছর আগে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন রাশেদা। সেখানে চাকরি করার সময় কুমিল্লার বুড়িচংয়ের নাজিরাবাদ এলাকার বাসিন্দা সুমন মিয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর থেকে সুমন উত্তর চরকাদিরা গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। ৪০ হাজার টাকা যৌতুকের জন্য কয়েক মাস ধরে প্রায়ই রাশেদাকে মারধর করতেন তিনি। দাবি করা টাকা না পেয়ে তিনি গতকাল ভোরে রাশেদাকে মারধর করেন। একপর্যায়ে গলা কেটে তাঁকে হত্যা করে পালিয়ে যান সুমন।
পুলিশ গতকাল সকালে রাশেদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বলেন, ‘সুমন যৌতুকের জন্য রাশেদাকে প্রায়ই মারধর ও মানসিক নির্যাতন করতেন বলে শুনেছি।’
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওহাব সরকার বলেন, সুমন রাশেদাকে গলা কেটে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে সুমন ছাড়া আর কেউ জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।