লক্ষ্মীপুরে গোলাগুলিতে পুলিশসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় গত শনিবার দিবাগত রাতে মাদক ব্যবসায়ীদের ধরতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এ সময় গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এতে শাহ আলম ওরফে মিন্টু (৩৬) নামের একজন গুলিবিদ্ধ ও তিন পুলিশ সদস্য আহত হন।
ডিবির এসআই প্রলয় রায় মাদকদ্রব্য, অস্ত্র আইন ও পুলিশের ওপর হামলার ঘটনায় শাহ আলমসহ কয়েকজনের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় তিনটি পৃথক মামলা করেছেন। শাহ আলমের বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামে। আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মমিন উল্যা, মো. নুরুল্লা ও মাহাবুবুর রহমান।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, শনিবার রাত একটার দিকে পালেরহাট এলাকায় মাদক ব্যবসায়ী শাহ আলম ও তাঁর লোকজনের অবস্থানের খবর জানতে পেরে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে শাহ আলম ডান পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, তিনটি গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। শাহ আলমকে পুলিশ প্রহরায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। একই হাসপাতালে আহত পুলিশ সদস্যদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, শাহ আলম এলাকায় মাদক মিন্টু নামে পরিচিত।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, গুলিবিদ্ধ শাহ আলম পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে হত্যা ও মাদকদ্রব্য আইনে সদর থানায় একাধিক মামলা আছে।