লক্ষ্মীপুরে চাঁদার দাবিতে বাড়ি নির্মাণ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা
চাঁদার দাবিতে বসতবাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। মারধর করেছে নির্মাণশ্রমিককেও। লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের মধ্য জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
জেলার দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সূত্র জানায়, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রিয়াজ তাঁর গ্রামের বাড়িতে দোতলা ভবন তৈরি করছেন। গত ২৭ জুন স্থানীয় মতিন বাহিনীর সন্ত্রাসী মো. মফিজ সেখানে হানা দিয়ে খোঁড়া অজুহাত তুলে ত্রাস সৃষ্টি করেন এবং নির্মাণশ্রমিক রাছেলকে মারধর করেন। পরে অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করেন এবং কাজ বন্ধ করে দেন।
ঘটনাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহকে জানালে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান। দত্তপাড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী মফিজ এলাকার মতিন বাহিনীর প্রধান মতিনের শ্যালক। দুটি মামলায় মফিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। পুলিশ তাঁকে ধরার চেষ্টা করছে।