লক্ষ্মীপুরে চাচার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ ভাতিজির
সংবাদ সম্মেলন করে চাচার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও সম্পত্তি আত্মসাতের অভিযোগ এনেছেন ভাতিজি। গতকাল বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভাতিজি সাবরীনা চৌধুরী অভিযোগ করেন, বাবা মারা যাওয়ার পর তাঁর চাচা প্রতারণার মাধ্যমে ৪৫ শতক জমিসহ প্রায় ৫ কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছেন। এ নিয়ে মামলা করায় তাঁকে ও তাঁর মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
সাবরীনার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন। তাঁর বাবা প্রকৌশলী সালাহ্ উদ্দিন ২০১২ সালের ২ মার্চ মারা যান। লেখাপড়ার কারণে তিনি মাকে নিয়ে ঢাকায় বসবাস করতেন। তাঁর বাবার সম্পত্তি বড় চাচা সাহাব উদ্দিন চৌধুরী দেখাশোনা করতেন।
সাবরীনা অভিযোগ করেন, ২০১৪ সালে বেশ কয়েকটি সাদা স্ট্যাম্পে তাঁর কাছ থেকে স্বাক্ষর নেন চাচা। পরে এসব স্ট্যাম্পের মাধ্যমে প্রায় ৫ কোটি টাকার সম্পত্তি জাল দলিলের মাধ্যমে আত্মসাৎ করেন চাচা। ওই দলিলে তাঁকে বিবাহিতা এবং তাঁর স্বামী মারা গেছেন বলে উল্লেখ করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাহাব উদ্দিন চৌধুরী গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পাল্টা সংবাদ সম্মেলন করে তিনি সব জানাবেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলেও তিনি জানান।
সম্পত্তি আত্মসাতের অভিযোগে গত অক্টোবরে আদালতে চাচা সাহাব উদ্দিন চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে সাবরীনা বাদী হয়ে মামলা করেন। এই মামলা করার পর থেকে সাহাব উদ্দিন তাঁকে ও তাঁর মাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় ২ নভেম্বর চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সাবরীনা।
গতকালের সংবাদ সম্মেলনে সাবরীনার মা সাহেলা আফরীনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।