লক্ষ্মীপুরে চোর সন্দেহে তিন ব্যক্তিকে মারধর
লক্ষ্মীপুর শহরে গতকাল শুক্রবার চুরির অভিযোগে তিন যুবকের ওপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই তিনজন হলেন সদর উপজেলার টুমচর গ্রামের রিকশাচালক রাজন দাস, রামগতি উপজেলার শিক্ষা গ্রামের লিটন ও মো. মাসুদ।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের রিকশাচালক রাজন দাস গতকাল দুপুর ১২টার দিকে শহরের উত্তর তেমুহনী থেকে দুজন যাত্রী নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। বাজার এলাকার সেতুর কাছে দুই যুবক রিকশার গতিরোধ করেন। পরে কয়েক ব্যক্তি রিকশাচালক ও দুই যাত্রীকে ধরে শহরের সেইফ ডায়াগনস্টিক সেন্টারের পেছনের একটি ঘরে নিয়ে যান। পরে টাকা চুরির অভিযোগে তিনজনের মাথার কিছু চুল কেটে দেওয়া হয়। একপর্যায়ে টাউন হলের সামনের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে তিনজনকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ওই তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।
সেইফ ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী বেলাল হোসেন বলেন, শুক্রবার সকালে তাঁদের এক রোগীর ৪ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ক্লোজড সার্কিট (সিসি) টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে। সে অনুযায়ী একজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। মাথার চুল কাটা ও পিলারের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ সত্য নয়।
মানবাধিকারকর্মী নূর মোহাম্মদ বলেন, কোনো ব্যক্তি অপরাধ করলে রাষ্ট্রীয় আইনে তার বিচার হবে। কিন্তু কাউকে বেঁধে নির্যাতন ও চুল কাটা মানবাধিকারের লঙ্ঘন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বলেন, পকেটমার সন্দেহে ওই তিন ব্যক্তির মাথার চুল কাটা ও মারধর করা হয়েছে। পরে বাঁধা অবস্থা থেকে তাঁদের উদ্ধার করা হয়। তিনি জানান, ওই তিনজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।