লক্ষ্মীপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে গতকাল শনিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
সূত্র জানায়, গতকাল বিকেলে রসুলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা চলছিল। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেনের পক্ষ বাজারে মিছিল বের করে। পরে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোফরান হোসেন বাবুর সমর্থকেরা পাল্টা মিছিল বের করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ারকে লাঠিসোঁটা ও রড দিয়ে বেদম মারধর করে প্রতিপক্ষ। সংঘর্ষে দেলোয়ারের পক্ষের সিরাজ উদ্দিন লাঠিসোঁটার আঘাতে আহত হন। এ ঘটনায় আওয়ামী লীগের কর্মী সফিক উল্যাহসহ আরও তিনজন আহত হয়েছেন। দেলোয়ার ও সিরাজকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সফিকসহ অন্য তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় জানান, দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক।
সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শেষ হওয়ার পর ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন নবী সোহেল জানান, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সেটা তিনি জানেন না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ভূইঁয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।