লক্ষ্মীপুরে ছাত্রী অপহরণের অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন থেকে গতকাল মঙ্গলবার দুর্বৃত্তরা এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল চন্দ্রগঞ্জ থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, গতকাল বেলা দেড়টার দিকে প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা শেষে ওই ছাত্রী তার সহপাঠী ফুফাতো বোনসহ সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল। তারা চন্দ্রগঞ্জ-আমানী লক্ষ্মীপুর সড়কের ৩ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে ভৈরবনগর গ্রামের আক্তার হোসেন ওরফে শান্তর নেতৃত্বে ছয় যুবক দুটি মোটরসাইকেল নিয়ে তাদের গতিরোধ করে। একপর্যায়ে তারা অস্ত্রের মুখে ওই ছাত্রীকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, এ ঘটনায় আক্তার হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেছেন অপহৃত ছাত্রীর মামাতো ভাই।