লক্ষ্মীপুরে ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সোমবার সকালে স্থানীয় দাসেরহাট বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। রুপাচরা সফিউল্যাহ উচ্চবিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন রুপাচরা সফিউল্যাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান, বিদ্যালয় কমিটির সদস্য মিজানুর রহমান, শিক্ষার্থী সাথী আক্তার ও মিরাজ হোসেন। 

গত শনিবার রাতে ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় রোববার সকালে ওই ছাত্রীর ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুজনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।