লক্ষ্মীপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের কোড়েক কলোনি এলাকায় জমি নিয়ে সংঘর্ষে জাকের মাঝি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার সংঘর্ষের সময় আহত হন জাকের মাঝি। আজ দুপুর ১২টার দিকে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজ রোববার দুপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার সকালে স্থানীয় আবদুল মালেক মাঝি ও আবদুস জাকের মাঝির লোকজনের মধ্যে ওই সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষে চার নারীসহ ২০ জন আহত হন। গুরুতর আহত জাকের মাঝিকে ঢাকায় একটি হাসপাতালে এবং অপর আহত ব্যক্তিদের নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ মালেক মাঝির বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দুটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঘটনার পর উভয় পক্ষের লোকজন এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। এ কারণে ঘটনার ব্যাপারে কোনো পক্ষের সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি।
চর পোড়াগাছা ইউনিয়নের স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আজাদ উদ্দিন বলেন, আবদুস জাকের মাঝি দীর্ঘদিন ধরে আবুল হোসেনের জমি বর্গা চাষ করছিলেন। স্থানীয় আবদুল মালেক ওই জমির মালিকানা দাবি করে শনিবার সকালে বিতর্কিত জমি থেকে মাটি কাটতে যান। ওই সময় জাকের মাঝি বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। এতে জাকের মাঝি (৫৫) ও তাঁর পক্ষের ইমাম উদ্দিন, আবদুল মতিন মাঝি, লাকী আক্তার, রেহেনা বেগমসহ আরও তিনজন আহত হন। অপর পক্ষে আবদুল মালেক মাঝি ও তাঁর পক্ষের মো. শেখ ফরিদ, মো. গিয়াস উদ্দিন, মো. হেলাল উদ্দিন, মো. বেলাল হোসেন, শারমিন আক্তার, মাহিনুর বেগমসহ আরও পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর আহত জাকের মাঝিকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হলে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, গতকালের সংঘর্ষের ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে রাতে থানায় মামলা করেছেন। দুপুরে জাকের মাঝির মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ মালেক মাঝির বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দুটি বসতঘর পুড়ে যায়। অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।