লক্ষ্মীপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৪
লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরে রুহুল আমিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত ও চারজন আহত হয়েছেন। রুহুল আমিন টুমচর গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে।
পুলিশ ও হাসপাতালে চিকিৎসাধীন সুমন বলেন, সদর উপজেলার টুমচর গ্রামের রুহুল আমিন ও সিরাজ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল দুপুরে সিরাজ উদ্দিনের নেতৃত্বে ২০-২৫ ব্যক্তি রুহুল আমিনের দখলে থাকা ৮ শতাংশ জমি দখল করতে যান। এ সময় রুহুল আমিনের লোকজন তাঁদের বাধা দেন। এ সময় সিরাজ উদ্দিনের লোকজনের হামলায় রুহুল আমিন, তাঁর ছেলে সুমন, আবদুর রহিম, পুত্রবধূ ফেন্সী আক্তার ও স্ত্রী ফাতেমা আহত হন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে রুহুল আমিন মারা যান। আহত চারজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ময়নল হোসেন বলেন, জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় রুহুল আমিন মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।