লক্ষ্মীপুরে জামায়াতের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ১৩ নেতা-কর্মীকে গতকাল মঙ্গলবার মান্দারী ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে বলে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে মান্দারী ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে নেতা-কর্মীরা একটি গোপন বৈঠকে বসেন। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা কার্যালয়ের বাইরে তালা লাগিয়ে পুলিশে খবর দেয়। চন্দ্রগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির ও পূর্ব সৈয়দপুর গ্রামের নাজমুল ইসলাম (৪০), চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মো. মোস্তফা মোল্লা (৪৫), চাঁদপুরের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা চন্দ্রগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু তাহের মিয়া (৩৩), নোয়াখালী সদরের ব্রহ্মপুর গ্রামের বাসিন্দা শ্রমিক কল্যাণ ফেডারেশনের চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারী হেলালুর রহমান (৪০), চন্দ্রগঞ্জ থানা কর্মপরিষদ সদস্য পশ্চিম বটতলী গ্রামের আবদুল হাকিম (৫০), হাজিরপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি পূর্ব আলাদাদপুর গ্রামের কাজী হুমায়ুন কবির (৬৭), মান্দারী ইউনিয়ন জামায়াতের আমির মান্দারী গ্রামের কবির আহম্মদ খান (৫০), দিঘলী ইউনিয়ন জামায়াতের সভাপতি দুর্গাপুর গ্রামের মাওলানা ইসমাইল (৫৫), দত্তপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি বড়ালিয়া গ্রামের হেদায়েত উল্যাহ (৫৯), উত্তর জয়পুর ইউনিয়ন জামায়াতের আমির পশ্চিম চৌপল্লী গ্রামের আবদুল হাই (৫১), চরশাহী ইউনিয়ন জামায়াতের সভাপতি চরশাহী গ্রামের মাছুম বিল্লাহ (৩০), চন্দ্রগঞ্জ থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য পূর্ব সৈয়দপুর গ্রামের মো. সাইফুদ্দিন (৪৫), চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি পূর্ব রাজাপুর গ্রামের মো. বাহার উদ্দিন (৩৮)।
গ্রেপ্তারকৃত আবদুল হাকিম বলেন, মান্দারী বাজার বণিক সমিতির নির্বাচন ২০ ফেব্রুয়ারি। তিনি ওই নির্বাচনে একজন প্রার্থী। নির্বাচনকে কেন্দ্র করে মান্দারী ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে তাঁদের একটি বৈঠক ছিল। পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাইরে থেকে দুয়ারে তালা লাগিয়ে পুলিশে খবর দেন। পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করার খবর পেয়ে উত্তেজিত জনতা তাঁদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৩ জন জামায়াতের নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। ২০১৫ সালে নাশকতার অভিযোগে ওই ১৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা হয়। সে মামলায় আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।