লক্ষ্মীপুরে জাসদ নেতার বসতঘর পুড়ে গেছে
লক্ষ্মীপুর পৌরসভার উত্তর তেমুহনী এলাকায় গত শুক্রবার গভীর রাতে জেলা জাসদের (ইনু) সভাপতি সালেউদ্দিন ভূঁইয়া ও তাঁর তিন ভাইয়ের বসতঘর আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ তাঁদের বসতঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আগুনে সালেউদ্দিন ভূঁইয়া এবং তাঁর ছোট ভাই আলাউদ্দিন ভূঁইয়া, সামছুউদ্দিন ভূঁইয়া ও নিজাম উদ্দিন ভূঁইয়ার একটি সেমি-পাকা বসতঘর পুড়ে গেছে।
মো. সালেউদ্দিন ভূঁইয়া বলেন, একই বাড়ির মো. ইউসুফ আলীর সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে শুক্রবার গভীর রাতে ইউসুফ ও তাঁর লোকজন তাঁদের (সালেউদ্দিন) বসতঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। কিন্তু এরই মধ্যে টাকা ও আসবাবপত্রসসহ বসতঘরটি পুড়ে যায়। তাঁর দাবি, অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
মো. সালেউদ্দিন ভূঁইয়া বলেন, বিরোধপূর্ণ দোকানঘর ও জমি নিয়ে মামলা চলছে। আদালতের আদেশ অমান্য করে মো. ইউসুফ সন্ত্রাসী নিয়ে শুক্রবার সকালে দুটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় তাঁর স্ত্রী জোসনা আক্তার ও তাঁর ভাই আলাউদ্দিনের স্ত্রী সুরাইয়া আক্তার আহত হন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, বিষয়টি তাঁরা লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়েছেন।
মো. ইউসুফকে বাড়িতে না পাওয়ায় অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর জেলা জাসদের (ইনু) সাধারণ সম্পাদক ও থানা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মাহবুবুল আলম বলেন, ‘এটি বর্বরোচিত কাজ। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সালাউদ্দিন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নেভানো সক্ষম হন। তবে বসতঘরটি রক্ষা করা সম্ভব হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।