লক্ষ্মীপুরে জেলের লাশ উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরের পাটোয়ারীর হাট এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার একটি ট্রলার থেকে গতকাল সোমবার সকালে মো. কবির হোসেন নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রলারের মাঝি রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, কবির হোসেন দক্ষিণ চরফলকন গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি স্থানীয় রুহুল আমিনের মাছ ধরার ট্রলারে কাজ করতেন। রোববার বিকেলে তিনি রুহুল আমিনের সঙ্গে ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান। গতকাল সকালে ওই ট্রলার থেকেই কবিরের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহে আঘাতের কোনো চিহ্ন ছিল না।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির আহাম্মদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।