লক্ষ্মীপুরে ডাকাত পুলিশ গোলাগুলি গুলিবিদ্ধ ১
লক্ষ্মীপুরে ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় সদর উপজেলার চরশাহী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, ডাকাতদের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
গুলিবিদ্ধ মাসুদ আলম নামের এক ডাকাতকে পুলিশি পাহারায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, চরশাহীর সোনালী ইটভাটা এলাকায় শনিবার রাতে ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও কয়েকটি গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পুলিশের তালিকাভুক্ত ডাকাত মাসুদ আলমকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। তখন অন্য ডাকাতেরা পালিয়ে যায়। ডাকাতদের হামলায় কনস্টেবল মহসিন, শাখাওয়াত হোসেন, বিরণচন্দ্র ত্রিপুরা ও নজির উল্লাহ আহত হন।
ওসি জানান, আটক মাসুদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।