লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে আহত ব্যক্তির মৃত্যু
লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের পূর্ব কল্যাণপুর গ্রামে ডাকাতের গুলিতে আহত আবদুস ছাত্তার (৫৫) মারা গেছেন।
নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে গতকাল বৃহস্পতিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
আবদুস ছাত্তারের ছেলে ওমানপ্রবাসী আবুল বাশার জানান, গত রোববার দিবাগত রাত দুইটার দিকে ১০-১২ জন ডাকাত তাঁদের ঘরে হানা দেয়। ডাকাতেরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়।
আবুল বাশার জানান, বাধা দিতে গেলে ডাকাতেরা তাঁর বাবা আবদুস ছাত্তারকে গুলি করে। রাতেই তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বৃহস্পতিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
লক্ষ্মীপুরের দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।