লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগা খাঁ ইউনিয়নের রাজীবপুর গ্রামে ঘর থেকে ডেকে নিয়ে দুই ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, নিহত ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন—রাজীবপুর গ্রামের ইসমাইল হোসেন মানিক (৪৮) ও কামরুল ইসলাম (২৮)।
নিহত ইসমাইলের ছোট ভাই মো. বাবুল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কেউ তাঁর ভাইকে ঘর থেকে মুঠোফোনে ডেকে নিয়ে যান। পরে তিনি আর ঘরে ফেরেননি। শুক্রবার ভোরে তাঁরা জানতে পারেন, রাজীবপুর গ্রামের একটি খেতে তাঁর ভাইয়ের লাশ পড়ে আছে। তিনি বলেন, জেঠাতো ভাই নুরুল আমিনদের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে তাঁরা কিছুদিন আগেও তাঁর ভাইকে দেখে নেওয়ার হুমকি দেন। এ ছাড়া দুই মাস আগেও নুরুল আমিনের এক আত্মীয় তাঁদের বাড়ির সামনে কয়েকটি গুলি করেন।
মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে নুরুল আমিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে নিহত কামরুল ইসলামের মামা আতিক উল্যাহ বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাঁর ভাগনেকে ঘর থেকে মুঠোফোনে ডেকে নেন এক ব্যক্তি। পরে তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার ভোরে রাজীবপুর গ্রামে ইসমাইলের লাশের পাশে কামরুলেরলাশ পড়ে থাকতে দেখা যায়।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাছিম মিয়া জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ দুটি তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় একটি সূত্র জানায়, কামরুলের চলাফেরায় অসন্তুষ্ট হয়ে তাঁর স্ত্রী ছয় মাস ধরে বাবার বাড়িতে বসবাস করছেন। কামরুল দুই বছর আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। এরপর বাবার চালের ব্যবসার পাশাপাশি তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তিনি মাদকসেবী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, নিহত ইসমাইল এলাকায় মানিক চোরা হিসেবে পরিচিত ছিলেন। তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংগা খাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্য বলেন, মাদক ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে তাঁরা খুন হতে পারেন। তিনি বলেন, শুক্রবার রাত আনুমানিক দুইটার দিকে কয়েকটি গুলির শব্দ শোনা গেছে।
বাংগা খাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আতিক উল্যাহ প্রথম আলোকে বলেন, নিহত দুজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। তাঁরা কী কারণে খুন হয়েছেন, তা তিনি বলতে পারছেন না।
পুলিশ সূত্র জানায়, নিহত দুজনের মাথায় ও পায়ে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন আছে। এ ছাড়া তাঁদের পেটে গুলি করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূইয়া বলেন, নিহত দুজন এলাকায় মাদক ব্যবসায় জড়িত ছিলেন। ইসমাইল অস্ত্র ও ইয়াবাসহ ধরা পড়ে দুই বছর জেল খেটেছেন।