লক্ষ্মীপুরে তরুণীর সীতাকুণ্ডে তরুণের লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে এক তরুণের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেলে সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় রেললাইনের পাশ থেকে শওকতুল ইসলাম (২৩) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শওকতুলের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ছউন্নাপাড়া গ্রামে। তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রাম নগরের পতেঙ্গার মাইজপাড়ার ভাড়া বাসায় থাকতেন। শওকতুল সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।
শওকতুলের বাবা আয়ুব আলী বলেন, এক ব্যক্তি ১৫ দিন আগে তাঁদের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। মঙ্গলবার বেলা তিনটার দিকে ওই ব্যক্তি তাঁর ছেলেকে ফোন করে পাওনা টাকা নিয়ে যেতে বলেন। এরপর তাঁর ছেলে ঘর থেকে বের হন। তারপর আর বাসায় ফেরেননি।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশ্রাফুল আলম প্রথম আলোকে বলেন, শওকতের ঘাড়ে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি, দুটি মুঠোফোন, ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, এ ঘটনায হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের সুতার গোপ্টা এলাকার একটি নর্দমা থেকে গতকাল বিকেলে অজ্ঞাতনামা এক তরুণীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে সুতার গোপ্টা এলাকার একটি নর্দমায় এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। তরুণীর গলায় ওড়না প্যাঁচানো ছিল।