লক্ষ্মীপুরে ককটেল ও পেট্রলবোমা হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের আসামি করে পৃথক তিনটি হত্যা মামলা হয়েছে।
লক্ষ্মীপুরে জেলা কারাগার এলাকায় গত সোমবার রাতে ককটেল হামলায় পিকআপ ভ্যানের চালক কামাল হোসেন নিহত হওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের ৪১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ। সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক বুধবার রাতে বিএনপি নেতা ও লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন, মান্দারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহ আলমসহ বিএনপি-জামায়াতের ২৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে এ মামলা করেন।
গত শনিবার রাতে পেট্রলবোমা হামলায় বাসের চালক নুরে আলম ওরফে সুমনের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা চান মিয়া চিশতি সোমবার রাতে চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা খোরশেদ আলমসহ বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার রাতে ককটেল হামলায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী লিটন হোসেন ওরফে নয়নের মৃত্যুর ঘটনায় সোমবার রাতে সদর থানার এসআই লিটন মহাজন বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে সোমবার রাতে হত্যা মামলা করেন। এ মামলায় আসামি করা হয়েছে জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূইয়া, সেক্রেটারি মফিজুল ইসলামসহ জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে।
এদিকে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মহসিন কবির মুরাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, শহরের বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রলবোমা হামলার সঙ্গে জামায়াত-শিবিরের কোনো নেতা-কর্মী জড়িত নয়। বরং এসব হামলার সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা জড়িত।
জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শরীফ এ অভিযোগ অস্বীকার করেন।