লক্ষ্মীপুরে দুই দিনে তিনটি লাশ উদ্ধার
লক্ষ্মীপুরে গত দুই দিনে তিন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার কমলনগর, রায়পুর ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহত নারীরা হলেন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম দত্তপাড়া গ্রামের শামছুন নাহার (২০), রায়পুর পৌর শহরের অংকিতা নাথ (২০) ও কমলনগর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক নারী (২৮)।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় শামছুর নাহার গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ গতকাল লাশ উদ্ধার করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, রায়পুরের গোডাউন রোড এলাকা থেকে গৃহবধূ অংকিতা নাথের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ সময় তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
কমলনগর উপজেলার হাজিরহাট তদন্ত কেন্দ্রের এসআই ফরিদ উদ্দিন খান বলেন, কমলনগরের সাহেবের হাট এলাকার জেলেরা দুপুরে মেঘনা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।