লক্ষ্মীপুরে দুই বোনকে ধর্ষণের সত্যতা মিলেছে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে দুই বোনকে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে।
গতকাল সোমবার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও মেডিকেল বোর্ডের প্রধান আনোয়ার হোসেন সংবাদকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
গত মঙ্গলবার রাতে তোরাবগঞ্জে দুই বোনকে ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় তাদের মা শুক্রবার পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কমলনগর থানায় দুটি মামলা করেন।
সদর হাসপাতাল সূত্র জানায়, ওই দুই বোনের ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া গত শুক্রবার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের মেডিকেল টিম গঠন করেন। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল সিভিল সার্জনের কাছে প্রতিবেদন দেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মেডিকেল টিম ওই দুই বোনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে ধর্ষণের আলামত পেয়েছে।
এদিকে মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকালে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।