লক্ষ্মীপুরে দুই বোনকে গণধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় দুই বোনকে গণধর্ষণের অভিযোগে পৃথক মামলা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাদের মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কমলনগর থানায় দুটি মামলা করেন। 

মামলার আসামিরা হলেন একই উপজেলার মো. খোকন, সিরাজ উদ্দিন, আবদুল করিম, মো. ইউসুফ এবং অজ্ঞাত একজন।
কমলনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে খোকন ১৫ ও ১৩ বছর বয়সী ওই দুই বোনকে ঘর থেকে ডেকে নেন। এরপর তাদের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে নিয়ে সহযোগীদের নিয়ে ধর্ষণ করেন। ওই রাতে দুই বোন তাদের মাকে বিষয়টি জানায়। পরে তাদের মা স্থানীয় প্রভাবশালীদের জানালে তাঁরা মীমাংসার আশ্বাস দেন এবং মামলা না করার জন্য বলেন। কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় তাদের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আজ দুটি মামলা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির আহম্মদ বলেন, দুই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।