লক্ষ্মীপুরে দুই ভাইকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে মুখোশধারী সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে দুই ভাই নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আনন্দীপুর গ্রামের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ইসমাইল হোসেন (৪৫) ও ইব্রাহিম হোসেন ওরফে রতন (৪২)। পুলিশের দাবি, নিহত রতন নিজ নামে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী পরিচালনা করতেন। তাঁর নামে হত্যা, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
নিহত দুই ভাইয়ের বাড়ি আনন্দীপুর গ্রামে। ঘটনার প্রত্যক্ষদর্শী চা-দোকানদার আনোয়ার হোসেন বলেন, গতকাল বেলা ১১টার দিকে ইব্রাহিম ও ইসমাইল তাঁর দোকানে বসে কথা বলছিলেন। এ সময় একটি অটোরিকশা দোকানের সামনে এসে থামে। অটোরিকশা থেকে পাঁচ-ছয়জন যুবক নেমে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এতে দুই ভাই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ওই যুবকেরা মুখোশধারী ছিলেন।
এর আগে ১০ মে আনন্দীপুর গ্রামে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
রতন চার বছর আগে বিএনপির রাজনীতি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। তাঁর পরিবার কুমিল্লায় বসবাস করলেও এলাকায় নিয়মিত যাতায়াত ছিল। লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের সভাপতি হিজবুল বাহার বলেন, নিহত ইসমাইল ও ইব্রাহীম আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইব্রাহিমের সঙ্গে ‘লাদেন মাছুম’ বাহিনীর বিরোধ রয়েছে। তবে এলাকায় রতন বেশ প্রভাবশালী ছিলেন।
নিহত দুজনের চাচাতো ভাই হারুনুর রশিদ বলেন, গুলির শব্দ পেয়ে তাঁরা দোকানে গিয়ে দুজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। দুজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, নিহত রতনের বিরুদ্ধে হত্যা, অপহরণসহ বিভিন্ন অভিযোগে লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। তাঁর ভাইয়ের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য রয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।