লক্ষ্মীপুরে দুর্বৃত্তের হাতে দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার রাজিবপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার ভোররাতের কোনো একসময় এই হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত দুজন হলেন রাজিবপুর গ্রামের ইসমাঈল হোসেন (৪৮) ও কামরুল ইসলাম (২৮)। আজ সকাল নয়টার দিকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দুজনকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন দলটির ইউনিয়ন পর্যায়ের এক নেতা।
নিহত দুজনের পরিবারের ভাষ্য, গতকাল দিবাগত রাত ১২টার দিকে মোবাইল ফোনে ইসমাঈল ও কামরুলকে কে বা কারা ডেকে নেয়। আজ ভোরে রাজিবপুর গ্রামের ইউসুফ ডাক্তারের বাড়ির পাশের একটি খেতে তাঁদের লাশ পাওয়া যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ইসমাঈলের ছোট ভাই মো. বাবুল হোসেনের ভাষ্য, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তাঁর ভাইকে হত্যা করা হতে পারে।

স্থানীয় একাধিক সূত্রের ভাষ্য, নিহত দুজন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে তাঁরা খুন হতে পারেন।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।