লক্ষ্মীপুরে দুটি সন্ত্রাসী বাহিনীর 'গোলাগুলি' একজন নিহত
লক্ষ্মীপুরে দুটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলিতে মিলন হোসেন ওরফে মিল্লাত নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, মিল্লাত তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন মামলা রয়েছে।
গত রোববার রাতে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের জালিয়াকান্দি গ্রামের নতুনহাট এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটে।
তবে পরিবারের দাবি, মিল্লাত সন্ত্রাসীদের গুলিতে নয়, পুলিশের গুলিতে মারা গেছেন।
চন্দ্রগঞ্জ থানার এএসআই দ্বীপক চন্দ্র সাহা জানান, সন্ত্রাসী দিদার ও সোলোমান বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার ও ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত রোববার রাত সাড়ে ১০টায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দিদার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মিলন হোসেন ওরফে মিল্লাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
তবে নিহত মিল্লাতের মামাতো ভাই নূরনবীসহ স্বজনেরা জানান, রোববার সন্ধ্যায় মিলন বাড়ি থেকে নতুনহাটের দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় পুলিশ তাঁকে আটক করে। পরে পুলিশের গুলিতে তিনি মারা যান।