লক্ষ্মীপুরে দুর্গাপ্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উদমারা গ্রামে শ্রী শ্রী রাধা-গোবিন্দ জিউর আখড়ায় আজ বুধবার ভোর চারটার দিকে দুর্গাপ্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। ছবি: এম জে আলম
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উদমারা গ্রামে শ্রী শ্রী রাধা-গোবিন্দ জিউর আখড়ায় আজ বুধবার ভোর চারটার দিকে দুর্গাপ্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। ছবি: এম জে আলম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে দুটি মূর্তি ভাঙচুর করেছে। আজ বুধবার ভোর চারটার দিকে রায়পুর উপজেলার উদমারা গ্রামে শ্রী শ্রী রাধা-গোবিন্দ জিউর আখড়ায় এ ঘটনা ঘটে।

শ্রী শ্রী রাধা-গোবিন্দ জিউর আখড়া কমিটির সভাপতি রবীন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, কয়েক দিন পরেই দুর্গাপূজা। তাই পুরোদমে মূর্তি তৈরির কাজ চলছে। ভোর চারটার দিকে প্রতিমা তৈরির কারিগরেরা ঘুমাতে যান। সকালে গিয়ে দেখা যায়, দুর্গাপ্রতিমার বাঁ দিকে তিনটি হাত ভাঙা ও কার্তিকের এক হাতের চারটি আঙুল এবং অসুরের হাতে আঘাত করার চিহ্ন। সকালেই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।

এদিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে যান হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ি থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন। বিকেলে তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, মূর্তির মাটি কাঁচা অবস্থায় থাকায় দুর্গামূর্তির এক দিকের হাতের মাটি খসে পড়েছে। হাতগুলো সুতা দিয়ে বাঁধা ছিল। সুতা ছিঁড়ে যাওয়ায় এমনটা ঘটেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ একই ধরনের দাবি করেন। তিনি বলেন, কোনো ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেনি।

এদিকে এ বিষয়ে জানতে রায়পুরের ইউএনও শারমিন আলমকে ফোন দেওয়া হলে তিনি ফোন ধরেননি।