লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলার আমানী লক্ষ্মীপুর গ্রামে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মামুনুর রশিদকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। মামুনুর রশিদ একই গ্রামের আবু তৈয়বের ছেলে।
চন্দ্রগঞ্জ থানা-পুলিশ জানায়, সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে রাত সাড়ে ১১টার দিকে মামুনুর রশিদ নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিহতের ভাগনে মাসুদ আলম ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলু বলেন, মামুনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। মামুনের বড় ভাই ফখরুল ইসলাম অজ্ঞাতনামা ১০ ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেছেন।
চন্দ্রগঞ্জ থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, মামুন নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মামুনের শরীরের বিভিন্ন স্থানে সাতটি গুলির চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।