লক্ষ্মীপুরে ধারালো অস্ত্রের আঘাতে তরুণী আহত
লক্ষ্মীপুর শহরের শাঁখারীপাড়া এলাকায় গত শুক্রবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে এক তরুণী আহত হয়েছেন।
আহত ফারহানা আক্তার সেভ দ্য চিলড্রেনের মা-মণি প্রকল্পের কর্মী হিসেবে লক্ষ্মীপুরে কর্মরত। তাঁর বাসা শহরের শাঁখারীপাড়ার ছোটপুল এলাকায়। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষা দিচ্ছিলেন। ফারহানার বাড়ি পাবনায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ফারহানা আক্তার সংবাদকর্মীদের বলেন, লক্ষ্মীপুরে কাজ করার সুবাদে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ও জেলা বিএমএর সভাপতি ডা. আশফাকুর রহমানের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত বছরের ২৭ ডিসেম্বর ৩০ লাখ টাকা দেনমোহরে আশফাকুর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া নিয়ে আশফাকুর রহমানের সঙ্গে তাঁর দূরত্ব সৃষ্টি হয়।
ফারহানা আরও বলেন, ‘আমি আশফাকুর রহমানের কাছে কাবিননামা চাইলে তিনি আমাকে লক্ষ্মীপুর ছেড়ে যেতে বলেন। লক্ষ্মীপুর ছেড়ে না গেলে আমাকে হত্যা করা হবে বলেও হুমকি দেন। শুক্রবার রাত ৯টার দিকে শহর থেকে বাসায় যাওয়ার পথে তাঁর ভাড়াটে লোকজন আমাকে হত্যার চেষ্টা করে।’
আশফাকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি ষড়যন্ত্র। ওই মহিলা নিজের শরীর কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। তিনি আমার কাছ থেকে টাকা আদায় করার জন্য এ ঘটনা ঘটিয়েছেন। তিনি আমাকে জোর করে বিয়ে করার চেষ্টা করছেন। ইতিপূর্বে তিনি আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন। বিয়ের কথা সম্পূর্ণ মিথ্যা।’ তিনি আরও বলেন, ‘ফারহানা মাদকাসক্ত ও মানসিক রোগী। এর আগে তিনি তাঁর হাত কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছেন।’
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ফারহানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পেটে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।